নির্বাচন হওয়ার আগেই জনসেবায় মোঃ আলমগীর হোসেন, বদরপুরে ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ২ নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বদরপুর এলাকার মেম্বার পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন নির্বাচন হওয়ার আগেই এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছেন।
দীর্ঘদিন ধরে বদরপুরের মধ্যমপাড়ার ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে সৃষ্টি হচ্ছিল জলাবদ্ধতা। ড্রেনের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হওয়ায় দিনের পর দিন ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা।
এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ কমাতে বদরপুর এলাকার ড্রেনের বিভিন্ন পয়েন্টে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন মেম্বার পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন। তাঁর এই উদ্যোগে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করা এবং জলাবদ্ধতার সমস্যা কমানোর প্রত্যাশা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর মতে, নির্বাচনের আগেই একজন জনপ্রতিনিধি পদপ্রার্থীর এমন জনকল্যাণমূলক উদ্যোগ আশাব্যঞ্জক। তাঁদের প্রত্যাশা, নির্বাচিত হওয়ার আগেই যিনি এলাকার মানুষের ভোগান্তি লাঘবে কাজ করছেন, নির্বাচিত হলে তিনি বদরপুরের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য নাগরিক সমস্যা সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বদরপুরের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমবে এবং এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন হবে।
জনগণের প্রত্যাশা—নির্বাচনের প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজের মধ্য দিয়েই এগিয়ে আসুক এলাকার উন্নয়ন।
Print News
Photo Card
More news like this..