Todays Date : | Bengali
ad728

অপরাধ দমনে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযান, ৪৮ ঘণ্টায় আটক ৩২৫

Reporter information : কুমিল্লা পত্র
  • News Release Date : Nov 24, 2026
  • How Many People See: 40
Images Caption : সংরক্ষিত ছবি

প্রতিবেদক 

মো:প্রীতম সিয়াম 

কুমিল্লায় অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান। মাত্র ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করেছে কুমিল্লা জেলা পুলিশ। অভিযান শেষে ২৩০ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনানুগ ব্যবস্থা। আর অপরাধে সম্পৃক্ততা না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

বিস্তারিত প্রতিবেদনে—

কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে কুমিল্লা জেলা পুলিশ।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এ যৌথ অভিযানে নেতৃত্ব ও দিকনির্দেশনা দেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪৮ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ সর্বমোট ৩২৫ জনকে আটক করা হয়েছে।

অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততা না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা গ্রহণপূর্বক নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ জনগণ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুমিল্লা পত্র, কুমিল্লা।

Print News Photo Card
ad728
Comment Box

Share The News..

More news like this..